বোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল পাঁচ বসতঘর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী শাহ আলমের দাবি, আগুনে তার ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top