মাকে কুপিয়ে-গলা কেটে হত্যা, চট্টগ্রামে ছেলের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার মামলায় সুমিত চৌধুরী প্রকাশ বিভু (৩১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।

মামলার নথি ও সাক্ষ্য অনুযায়ী, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দেন। পরে ভেতরে গিয়ে সুজন তার মাকে বেডরুমের বিছানায় গলাকাটা অবস্থায় দেখতে পান।

এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল। পরে সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ২৩ জুলাই সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে মাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top