চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি ও এক চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত হয়েছেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি শতভাগ পরিশোধিত ইস্পাত বা রিফাইন্ড স্টিল উৎপাদন করে থাকে। এ ঘটনায় আহতরা হলেন— বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং।
ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়ে চারজন আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তারা স্বাভাবিক আছেন।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এটি বয়লার বিস্ফোরণের ঘটনা নয়; ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়েই দুর্ঘটনাটি ঘটে।
চাটগাঁ নিউজ/জেএইচ






