বাঁশখালীতে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থক, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মী এবং যুবলীগের দুই কর্মী রয়েছেন। এ সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে একটি কেকও জব্দ করা হয়।

গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীরা হলেন—শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোশারফ আলী সিকদার পাড়ার মৃত শহর মুল্লুকের ছেলে এবং আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত আহম্মদ হোসেন (৫৫) ও বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের শহর মুল্লুকের ছেলে জাকের আহাম্মদ (৬০)।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গ্রেপ্তার চার কর্মী হলেন—গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (২১), একই ইউনিয়নের মধ্যম গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহ নূরের ছেলে সৈয়দ নুর হৃদয় (২৩) ও ফজল কাদেরের ছেলে এস এম মোজাম্মেল হক (২২) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল ছড়ারকূল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আজাদ মিয়া (১৮)।

এ ছাড়া যুবলীগের গ্রেপ্তার দুই কর্মী হলেন—গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে জাফর আহাম্মদ (৩২) এবং শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে জমির উদ্দিন (২৮)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে। অভিযানে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন

Scroll to Top