চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসানের স্ত্রী সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি ডিবি পরিচয়ে হাসপাতালে এসে হাসানকে নিয়ে যান বলে জানা গেছে।
হাসানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হাসানের স্ত্রীর প্রেগন্যান্সির ডেলিভারি ছিল, বাচ্চা হওয়ার পরে ওষুধ আনতে গেলে ডিবি পরিচয়ে ২৫ থেকে ৩০ জনের একটি টিম টেনেহিঁচড়ে হাসানকে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে পার্কভিউ হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিবি পরিচয়ে একজনকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। তবে মো. হাসানকে জেলা ডিবি পুলিশই আটক করেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমি দুই মাস ধরে ঢাকায় ট্রেনিংয়ে আছি। জেলা পুলিশের পক্ষ থেকে মিডিয়াকে তথ্য দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসাইনড। আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, আমার কাছে এ ধরনের তথ্য নেই। দয়া করে আপনি হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগ করুন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।
চাটগাঁ নিউজ/এসএ






