মিয়ানমারে পাচারের আগে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে তোলার সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে মিরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মীরসরাইয়ের একটি দল ইছাখালী ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের জন্য ট্রাক থেকে একটি ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। অভিযান চালিয়ে ৪৮ টন বা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দের পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকাতেও একই ধরনের অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। সেখানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৬০০ বস্তা বা ৩০ টন ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এ সময় দুটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

দুই দিনের পৃথক অভিযানে মোট ৭৮ টন ইউরিয়া সার, ছয়টি ট্রাক ও দুটি বোট জব্দ এবং পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিদের ও জব্দ করা সার, যানবাহন এবং বোটের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top