আন্দোলনের মধ্যে দায়িত্ব নিলেন চুয়েট উপাচার্য

চাটগাঁ নিউজ ডেস্ক : একদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন। অন্যদিকে আন্দোলনের মধ্যেই দায়িত্ব নিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব গ্রহণ করেন। একই দিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠান।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কুয়েটের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে যুক্ত ছিলেন।

যোগদানের পর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, আমি আজ যোগদান করেছি। আমার যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা সচিব যোগদানপত্র পেয়েছেন বলে আমাকে নিশ্চিত করেছেন।

চুয়েটের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি চুয়েটের ছাত্র ছিলাম। চুয়েটের প্রতি আমার আবেগ ও ভালোবাসা রয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর দলমতের ঊর্ধ্বে উঠে চুয়েটের সার্বিক উন্নয়নে কাজ করবো।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে চুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top