চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। এসআরবি-৭-এর দাবি, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি যাত্রীবেশে একটি যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ইয়াবার বড় চালান নিয়ে যাচ্ছেন। পরে লালবাগ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
একপর্যায়ে স্টারলাইন পরিবহনের একটি বাস চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী শহিদুল ইসলামকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি কোর্ট ফাইলের ভেতর বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এ মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






