মায়ানমারে পাচারকালে ২ ট্রাক ইউরিয়া সারসহ পাচারকারী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সার ও দুটি ট্রাকসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।

অভিযানকালে ট্রাক থেকে কার্গো বোটে সার তোলার সময় দুজনকে আটক করা হয়। এ সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার এবং পাচারে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, ট্রাক ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top