সান দিয়েগোর বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় মেসির মায়ামি

ক্রীড়া ডেস্ক: ট্রফি জয়ের আনন্দের পর এবার লিগে ঘুরে দাঁড়ানোর পালা। ক্যাম্পিওনেস কাপের ফাইনালে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন লিওনেল মেসি। সেই ম্যাচেই ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। শিরোপা উদ্‌যাপন শেষ করে এবার ইন্টার মায়ামির সামনে নতুন চ্যালেঞ্জ।

আগামীকাল ভোর ৫টায় এমএলএসের ২৬তম রাউন্ডে সান দিয়েগোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ওয়েস্টার্ন কনফারেন্সের দলটির বিপক্ষে ম্যাচটি মায়ামির জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগও। কারণ, শেষ সাত ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। লিগে এমন পারফরম্যান্সের পর ক্যাম্পিওনেস কাপের সাফল্য আত্মবিশ্বাস জোগালেও, মাঠের লড়াইয়ে তার প্রতিফলন দেখাতে হবে মেসিদের।

মায়ামির কোচ কিলিয়ান গনজালেসের জন্যও ম্যাচটি বিশেষ গুরুত্বের। আমেরিকান লিগে কোচ হিসেবে এটাই তার প্রথম ম্যাচ। যদিও ক্রুজ আসুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ডাগআউটে প্রথমবার বসেছিলেন তিনি।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান বেশ বড়। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মেসির দল, আর ন্যাশভিলের সংগ্রহ ৫৪ পয়েন্ট। অর্থাৎ শীর্ষে উঠতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, ন্যাশভিলকেও পয়েন্ট হারাতে হবে।

ন্যাশভিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল মায়ামির। ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচটি শিরোপার দৌড়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লিগের বাকি ম্যাচগুলোতে তাই পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে মেসিদের।

অবশ্য সান দিয়েগোর অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। টানা তিন ম্যাচে হেরে মায়ামির বিপক্ষে মাঠে নামছে তারা। প্রতিপক্ষের সাম্প্রতিক ব্যর্থতা মায়ামির জন্য সুযোগ তৈরি করলেও, সেই সুযোগ কাজে লাগানোই হবে আসল পরীক্ষা।

আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেওয়ার আগে সান দিয়েগোর বিপক্ষেই কি শেষবার মাঠে নামবেন মেসি? বিষয়টি অবশ্য তেমন নয়। স্কালোনির আর্জেন্টিনা দলের অন্য ফুটবলাররা এই সপ্তাহের ম্যাচ শেষে ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের শিবিরে যোগ দেবেন। তবে মেসি যোগ দেবেন পরে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচে খেলতে জাতীয় দলে যোগ দেবেন তিনি। তার আগে ইন্টার মায়ামির হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসি। আন্তর্জাতিক বিরতির মধ্যেও চলবে এমএলএস। আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top