চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন মাদক বহনের সঙ্গে জড়িত, ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাদকবিরোধী অভিযানের ঘটনায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাইমদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





