বাঁচানো গেল না ট্রেন দুর্ঘটনায় হাত পা হারানো সেই শিশুকে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে রেললাইনে কাটা পড়ে হাত পা হারানোর দুঃসহ যন্ত্রণা নিয়ে মারা গেল মো. রাহাত (১০) নামের সেই শিশুটি। যাকে বাঁচাতে গিয়ে দুপুরে ঘটনাস্থলেই বিভৎসভাবে মৃত্যু হয় দেলোয়ার হোসেন মিন্টু (৫০) নামের এক ব্যক্তির।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন শিশুটির মৃত্যুর বিষয়টি চাটগাঁ নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার হাত পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক যন্ত্রণায় শিশুটির মৃত্যু হয়েছে।

এর আগে আজ শুক্রবার দুপুরে নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইনে উঠে যাওয়া রাহাতকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন মিন্টু নিহত হন। এসময় ট্রেনের চাকায় শিশু রাহাতের হাত কাটা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের সন্তান। তারা তুলাতলী এলাকায় আব্দুল মালেক সাহেবের বাসায় ভাড়া থাকত।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top