পরিচ্ছন্নতায় কোদাল হাতে এমপি হুমাম কাদের— বিডি ক্লিনের সঙ্গে নামলেন খালে

রাঙ্গুনিয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ এবং রাঙ্গুনিয়াকে একটি আকর্ষণীয় পর্যটনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে এবার সরাসরি কোদাল হাতে মাঠে নেমেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহায়তায় বিশাল এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি নিজেই খাল পরিষ্কারের কাজে হাত লাগান।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়ার কুলকুরমাই খালে এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৬০০ এর অধিক তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কুলকুরমাই খালের দুই পাড়ে তখন উৎসবমুখর পরিবেশ। কারো হাতে কোদাল, কারো হাতে ঝুড়ি, আবার কেউ নেমে পড়েছেন খালের জমাট বাঁধা ময়লার স্তূপ পরিষ্কার করতে। স্লোগানে আর তরুণদের উদ্যমে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। ঠিক এমন সময়ই বিডি ক্লিনের পোশাক আর জুতো পরেই কোদাল হাতে সরাসরি খালের পানিতে নেমে পড়েন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়লা সরাতে শুরু করেন তিনি। যা উপস্থিত স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের দারুণভাবে অনুপ্রাণিত করে। শুরুতে স্থানীয় মাদ্রাসা মাঠে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী সামাঞ্জার খান এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনী ও অংশগ্রহণ পর্বে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গু একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ময়লা-আবর্জনাযুক্ত খালের পানিতেই মূলত ডেঙ্গুর লার্ভা জন্ম নেয়। দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হলে প্রথমেই খাল ও জলাশয়গুলো পরিষ্কার রাখতে হবে।

রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন, বান্দরবান ও কাপ্তাই অঞ্চলের সঙ্গে যোগাযোগের কারণে রাঙ্গুনিয়ায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যটকদের আকৃষ্ট করতে হলে সবার আগে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোনো পর্যটকই এমন কোনো এলাকায় বেড়াতে যেতে চাইবে না, যেখানে ময়লা-আবর্জনায় খালগুলো ভরাট হয়ে আছে।

বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য বলেন, বিডি ক্লিনের এই ছেলেমেয়েরা দেশের সেরা সন্তান। তারা কোনো আর্থিক বিনিময় বা খ্যাতির প্রত্যাশা না করে নিজস্ব তাগিদে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছে এবং সরাসরি মাঠে নেমে কাজ করছে। তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। শুরুতে ৪০০-৫০০ জনের কথা থাকলেও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের সচেতন করার ওপর জোর দিয়ে হুমাম কাদের বলেন, নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। দুঃখজনক হলেও সত্যি, অনেকে সেগুলো ব্যবহার না করে ডাস্টবিনের ঠিক পাশেই ময়লা ফেলেছেন। তাই বিডি ক্লিনকে এখানে নিয়ে আসা হয়েছে, যেন মানুষ দেখে শিক্ষা নেয়। যখন এলাকাবাসী দেখবে বাইরের জেলার তরুণরা এসে তাদের এলাকার ময়লা পরিষ্কার করে দিচ্ছে, তখন হয়তো তাদের ভেতর থেকে আত্মোপলব্ধি আসবে এবং তারা আর যত্রতত্র ময়লা ফেলবে না।

এ সময় এলাকার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, সরকারি উদ্যোগে ইতিমধ্যে দুটি খালের খননকাজ শুরু হয়েছে, যা প্রায় শেষের পথে। এছাড়া রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন কঠোর হাতে বন্ধ করা হয়েছে এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমান সরকারের মাত্র ছয় মাসের পথচলা নিয়ে তাড়াহুড়ো করে কোনো মন্তব্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অল্প সময়ে কোনো সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করা সম্ভব নয়। দেশবাসীকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, ইনশাআল্লাহ কাজের মাধ্যমেই প্রমাণ করে দেওয়া হবে বিএনপি কী করতে সক্ষম।

বিডি ক্লিনের প্রতিনিধিরা জানান, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাব দেশজুড়ে পরিচ্ছন্নতা চালিয়ে যাওয়া এই সংগঠনটি বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় কাজ করছে।

রাঙ্গুনিয়ার এই কর্মসূচির বিষয়ে তারা জানান, স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণীর সঙ্গে আলোচনার পর একটি প্রাথমিক টিম এলাকা পরিদর্শন করে। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের ৫-৬টি জেলা থেকে সাড়ে ছয় শতাধিক স্বেচ্ছাসেবক দিনব্যাপী এই কুলকুরমাই খাল পরিষ্কার অভিযানে অংশ নেন। এই কার্যক্রমের ফলে খালের স্বাভাবিক পানির প্রবাহ ও সৌন্দর্য আবার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এদিকে সাংসদ হুমাম কাদের চৌধুরীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা সাংসদকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে অবশেষে রেহায় পেয়েছেন বলে জানান।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top