চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার উক্ত ৩ জন হলেন — সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজনকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়।
অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধী যে দলের, যে গ্রুপের বা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





