বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী

চাটগাঁ নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত সবাই শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। মঙ্গলবার ভোরে বাসগুলো দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০ শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top