বিনোদন ডেস্ক: ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে (ইতালি স্থানীয় সময়) ভেনিসে অবস্থানকালে তাকে লক্ষ্য করে ‘পানি, কোমল পানীয় ও পচা ডিম’ নিক্ষেপ করা হয় বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে জানান তিনি।
বাঁধনের অভিযোগ, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের চার বছরের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, ‘হামলাকারীরা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এসময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।’
‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বাঁধন বলেন, ‘তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন।’
জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
বাঁধন আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক বাঁধনের দিকে তেড়ে আসছে। কেউ পানি ছুড়ে মারছে। একজন পেছন থেপে এসে বাম হাত দিয়ে তার ডান গালে কসে চর মারে। বাঁধনের সাথে আরেকজন নারী ছিলেন। এক লোকের কোলে একটি তিন চার বছরের বাচ্চা ছিল। ওই লোকটাই সবাইকে আটকানোর চেষ্টা করছিল। বাচ্চাটা চিৎকার করে কান্না করছিল। সবাই আতঙ্কগ্রস্ত ছিল।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





