চট্টগ্রামসহ ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের গতকাল রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কিছু স্থানে একই সময়ে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top