পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় রডবাহী ট্রাকের সঙ্গে ডেকোরেশনের মালামালবাহী নসিমন-ভটভটির মুখোমুখি সংঘর্ষে সজীব দে (৫৫) নামে এক ডেকোরেশন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইসমাইল (৫২) নামে আরও এক কর্মচারী আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জুলুয়ার দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
নিহত সজীব দে পটিয়া উপজেলার চক্রশালা দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি কাঞ্চননগর বাদামতল এলাকার জিয়া ডেকোরেশনে কর্মচারী হিসেবে কাজ করতেন। আহত মো. ইসমাইলও একই প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাছিয়া দরবার শরীফে ডেকোরেশনের কাজ শেষে মালামাল নিয়ে নসিমন-ভটভটিতে করে ফেরার পথে জুলুয়ার দীঘির পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা সজীব দে ও মো. ইসমাইল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেল ৫টার দিকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজীব দেকে মৃত ঘোষণা করেন।
আহত মো. ইসমাইল বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





