চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় মগনামা জেটিঘাট থেকে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে পড়ে নিখোঁজ হওয়া শামীম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মগনামা লঞ্চঘাট এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শামীম ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্ত্রী করিমা বেগমকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মগনামা-কুতুবদিয়া নৌপথের লঞ্চঘাটে যান শামীম। ডেনিস বোটে ওঠার প্রস্তুতিকালে অসাবধানতাবশত তিনি সাগরের পানিতে পড়ে যান। ঘটনাটি ঘটে তার স্ত্রীর চোখের সামনেই। পানিতে পড়ার পর মুহূর্তের মধ্যেই স্রোতে তলিয়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা দ্রুত সাগরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।
নিখোঁজের পর রাতভর স্বজন ও স্থানীয়রা সাগরে বিভিন্ন স্থানে তল্লাশি চালান। অবশেষে রবিবার সকালে মগনামা লঞ্চঘাট এলাকা থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া ফায়ার সার্ভিস জানায়, দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযানের পর সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল শামীমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহটি পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





