চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ জনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৪৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৩ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ১ হাজার ৯৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৫৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে এ সময়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৪১ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ২০২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২ হাজার ১৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






