চন্দনাইশে হিজড়া দুই গ্রুপের মারামারি, থানায় অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে তৃতীয় লিঙ্গের (হিজড়া) দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দোহাজারী পৌরসভার জসিম কনভেনশন হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ছৈয়দাবাদের জরিনা (৫২) বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে বাজালিয়ার মৌসুমী (৩২), কামাল ওরফে কমলী (৩৪), মোক্তার হোসেন ওরফে মুক্তা (২৮) এবং মো. সানি ওরফে পেঁচানি (২৮)-এর নাম উল্লেখ করে আরও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে জরিনা দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার একটি বিবাহ অনুষ্ঠান থেকে চাঁদার টাকা নিয়ে ফেরার সময় জসিম কনভেনশন হলের সামনে পৌঁছালে অভিযুক্তরা লোহার রড, কাঠ ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

এতে পারভীন (২১), আনিস (১৯), রোজিনা এবং সিএনজি অটোরিকশাচালক জামাল (২২)-সহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলেও দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে ঘটনাস্থল থেকে নগদ ১২ হাজার টাকা, আট আনা ওজনের স্বর্ণের সুইসুতা, এক জোড়া সোনার দুল এবং ভিভো, ইনফিনিক্স ও অপ্পো ব্র্যান্ডের চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগে জানানো হয়।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top