চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ ও বাসচালককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা প্লাটিনামা পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা আরো একজন।

নিহতরা হলেন— চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) ও চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহতরা হলেন—সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ইসলাম (৪০) এবং চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলার আবু তাহেরের ছেলে সিএনজি অটোরিকশাচালক মো. সায়মন হোসেন খায়ের (২০)।

এদের মধ্যে সানজিদা বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির বলেন, দুর্ঘটনায় একজন মারা যান। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার বলেন, বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও বাসের চালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top