চাটগাঁ নিউজ ডেস্ক: জেমিসন হাসপাতালকে চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম।
তিনি বলেছেন, জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালটির বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়া সম্ভব।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।
শামীম বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জেমিসন হাসপাতাল একাধিকবার পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালটির বিভিন্ন সম্ভাবনা ও সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা পেয়েছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রমে চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
নতুন কমিটিতে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।
নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার পাশাপাশি জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সদস্যরা তাদের প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তার মর্যাদা রক্ষা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করা এবং জেমিসন হাসপাতালের সেবার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি এ কার্যক্রম বাস্তবায়নে আজীবন সদস্য, বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





