প্রথম সহশিল্পী তৌসিফকে নিয়ে মুগ্ধ বিদুষী বর্ণিতা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুতেই অভিজ্ঞ অভিনেতা তৌসিফ মাহবুবকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতা। শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তাঁরা। এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দর ও সমুদ্রসৈকতে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বিদুষী বর্ণিতা জানান, কক্সবাজারে শেষ দিনের শুটিংয়ে কিছুটা চাপ থাকলেও পুরো সময়টাই উপভোগ করেছেন তিনি। বিশেষ করে বৃষ্টির মধ্যে শুটিংয়ের অভিজ্ঞতাকে তিনি বেশ উপভোগ্য বলে উল্লেখ করেন। সব মিলিয়ে কাজটি তাঁর জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে বলেও জানান এই নবাগতা।

প্রথম সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুবের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও পরামর্শের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন বিদুষী। তাঁর মতে, তৌসিফ শুধু একজন দক্ষ অভিনেতাই নন, ব্যক্তি হিসেবেও অত্যন্ত আন্তরিক ও মানবিক।

বিদুষী বলেন, তৌসিফের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত বিভিন্ন বিষয়ে পরামর্শ পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি শুটিংয়ের বাইরের বিষয় নিয়েও নিজের অভিজ্ঞতা তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছেন তৌসিফ। নতুন হিসেবে কোথায় ভুল হচ্ছে, কীভাবে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করা যায়—এসব বিষয়েও বড় ভাই ও বন্ধুর মতো করে তাঁকে সহযোগিতা করেছেন তিনি।

তৌসিফের মানবিকতার একটি ঘটনাও স্মরণ করেছেন বিদুষী। একদিন একটি দৃশ্যের শুটিংয়ের সময় তাঁর পায়ে আঘাত লাগে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছিল। ব্যস্ততার কারণে বিষয়টি তিনি নিজে খেয়াল না করলেও তৌসিফ তা দেখতে পান। সঙ্গে সঙ্গে শুটিং থামিয়ে প্রোডাকশন টিমকে প্রয়োজনীয় ওষুধ ও ব্যান্ডেজ আনতে বলেন এবং তাঁর পায়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

শুধু তা-ই নয়, এরপর কয়েকদিন শুটিং বন্ধ থাকার পর সেটে আবার দেখা হলে তৌসিফ প্রথমেই বিদুষীর পায়ের অবস্থার খোঁজ নেন। এই ঘটনাটিই তাঁর কাছে তৌসিফের মানবিকতার অন্যতম বড় উদাহরণ হয়ে আছে।

বিদুষীর ভাষ্য, তৌসিফ অত্যন্ত প্রতিভাবান অভিনেতা হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষও। প্রথম কাজেই এমন একজন সহশিল্পীকে পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন তিনি।

এদিকে বিদুষীর এমন প্রশংসায় সম্মানিত বোধ করছেন তৌসিফ মাহবুব। শুধু প্রশংসাই নয়, নতুন এই অভিনেত্রীর অভিনয় প্রতিভায়ও আশাবাদী তিনি।

তৌসিফের মতে, নতুন হলেও নিজেকে প্রমাণ করতে গিয়ে বিদুষী কখনো বাড়তি কিছু করার চেষ্টা করেননি। বরং মনোযোগ দিয়ে নির্দেশনা বুঝে কাজ করেছেন এবং খুব দ্রুত অভিনয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

তিনি বলেন, বিদুষীর স্বাভাবিক স্ক্রিন প্রেজেন্স রয়েছে, যা অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে পুরোপুরি তৈরি করা সম্ভব নয়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার যে স্বাভাবিক ক্ষমতা প্রয়োজন, বিদুষীর মধ্যে সেটি তিনি দেখতে পেয়েছেন।

‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে দর্শক বিদুষীকে নতুনভাবে আবিষ্কার করবেন বলেও আশা প্রকাশ করেন তৌসিফ। তাঁর বিশ্বাস, এটি বিদুষীর ক্যারিয়ারের কেবল শুরু এবং সামনে আরও ভালো কাজ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাঁর মধ্যে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top