চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযান ও নিয়মিত মামলায় গ্রেপ্তারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩৪৮ জনের মধ্যে মাদকসংক্রান্ত মামলায় ৯৪ জন রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক পরিবহনের সঙ্গে জড়িত এবং ৪৭ জন মাদকসেবী।
এ ছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, বিভিন্ন পরোয়ানায় ১৩০ জন এবং সাজা পরোয়ানায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ।
ডিআইজি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আদায় করা হয়েছে ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





