‘লংমার্চে জনগণের ন্যায্য দাবি উঠবে, বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই’

চাটগাঁ নিউজ ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, এই সমাবেশ থেকে জনগণের ন্যায্য দাবি উত্থাপিত হবে। এসব দাবি বাস্তবায়ন করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প নেই।

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লংমার্চ-পরবর্তী সমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে রয়েছে। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান।

নজরুল ইসলাম আরও বলেন, লংমার্চ শেষে লালদিঘী ময়দানে অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেন তিনি।

এসময় নেতারা লালদিঘী ময়দানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তারা সমাবেশের মঞ্চ, প্রবেশপথ, শৃঙ্খলা, নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

মাঠ পরিদর্শনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর শোয়ায়েব, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top