লোহাগাড়ায় মিনিট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারে ঘোরাঘুরি শেষে মোটরসাইকেলে করে বাড়ির পথে ফিরছিলেন দুই যুবক। কিন্তু চাঁদপুরে পৌঁছানোর আগেই চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাদের পথচলা। বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে ওই দুই যুবক মোটরসাইকেলে করে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। ভোরে তারা ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যুবক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফিরোজ আহমেদ তৌহিদকে মৃত ঘোষণা করেন। অপর যুবক মাহি উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল; পরে তারও মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top