চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
চসিকের জনসংযোগ বিভাগ জানায়, দেওয়ানহাটের পোস্তারপাড় মোড়ে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে দেখা যায়, কয়েকজন হকার সড়কের জায়গা ও ফুটপাত দখল করে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছেন। পাশাপাশি কিছু দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনারও প্রমাণ পাওয়া যায়।
এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





