কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় এসব সারসহ ট্রাকটি আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ৩৬ বস্তা ইউরিয়া সারের মোট পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সারগুলো অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
আটক করা সার ও ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এ ছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





