একই দিনে চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ও ধাক্কায় নিহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে একই দিনে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নগরীর মৌলভীবাজার রেলওয়ে সেকশন ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় শনিবার (২৯ আগস্ট) দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একজন ট্রেনে কাটা পড়ে এবং অপরজন ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।

চট্টগ্রাম নগরীর মৌলভীবাজার রেলওয়ে সেকশনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন জিটু দাশ (৫৪) নামে এক ব্যক্তি। শনিবার দুপুর আড়াইটার দিকে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন মৌলভীবাজার সেকশনের ১৩/৩ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে জিটু দাশের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরনের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

নিহত জিটু দাশ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল দাশ ও কল্পনা দাশের ছেলে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অসীম চন্দ্র ধর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, একই দিন দুপুরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শাহাবুদ্দিন পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। স্থানীয়রা জানান, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন।

স্থানীয় সূত্রের ভাষ্য, পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার পূর্ব পাশে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাবুদ্দিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস পথে ওই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top