ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে গাঁজাসহ শহিদুল্লাহ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শহিদুল্লাহ পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পোকখালী মুসলিম বাজারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় আবু তাহেরের চায়ের দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা শহিদুল্লাহকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, শহিদুল্লাহর বিরুদ্ধে এর আগে ঈদগাঁও থানায় আরও একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
ওসি জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক শহিদুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





