ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির জাতীয় দলের ম্যানেজমেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনায় এমন আগ্রহের কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের আলোচনা, ফিফার অনুমোদন এবং বাংলাদেশের আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন জানান, ব্রাজিল জাতীয় দলের ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পাঁচ সদস্য বাংলাদেশ সফরে এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা এবং কয়েকটি হোটেল পরিদর্শন করেছেন। পরে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
শাহিন বলেন, ব্রাজিল বাংলাদেশে ম্যাচ খেলতে আগ্রহী হওয়ার অন্যতম কারণ এ দেশে তাদের বিপুলসংখ্যক সমর্থক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশি দর্শকদের ব্রাজিলকে সমর্থন করতে দেখেছে তারা। সেই জনপ্রিয়তার ভিত্তিতে বাংলাদেশে নিজেদের ফ্যান গ্রুপ আরও বড় করতে চায় ব্রাজিল।
তবে ম্যাচ আয়োজনের আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কয়েকটি জায়গায় উন্নয়ন প্রয়োজন বলে জানিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। বিশেষ করে ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, টেকনিক্যাল সেন্টার এবং মাঠে প্রবেশ ও বের হওয়ার পথ আরও উন্নত করার পরামর্শ দিয়েছে তারা। শাহিন জানান, এসব বিষয়ে ইতোমধ্যে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ম্যাচের সম্ভাব্য তারিখ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ৬ অক্টোবরের কথা ছড়িয়ে পড়লেও সেটি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। ব্রাজিল আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে কলকাতায় খেলবে। এরপর ৫ বা ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ওই সময়ে বাংলাদেশেরও এএফসি-সংক্রান্ত সূচি রয়েছে। ফলে দুই পক্ষকেই নিজেদের সূচির সঙ্গে সমন্বয় করতে হবে।
শাহিন জানান, বাফুফে সভাপতি ফিফার সঙ্গে আলোচনা করে বাংলাদেশের অবস্থান ব্রাজিলকে জানাবেন।
অন্যদিকে, ব্রাজিলের প্রতিনিধিরা দেশে ফিরে সিবিএফের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে। ফলে এই মুহূর্তে ম্যাচটি নিশ্চিতভাবে আয়োজনের কথা বলা যাচ্ছে না।
ম্যাচটি আয়োজনের খরচ নিয়েও বড় প্রশ্ন রয়েছে। বাফুফের কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সমঝোতা হলে বাফুফে সভাপতি সরকারের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
ব্রাজিলের প্রতিনিধি দল শুধু প্রীতি ম্যাচ আয়োজনেই আগ্রহ দেখায়নি। ভবিষ্যতে মাঠ নির্মাণ, সংস্কার এবং ফুটবলের বিভিন্ন কারিগরি ক্ষেত্রে বাফুফের সঙ্গে সহযোগিতা করার আগ্রহও জানিয়েছে তারা। ফলে একটি প্রীতি ম্যাচের বাইরেও দুই দেশের ফুটবল সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা দেখছে বাফুফে।
ম্যাচটি আয়োজন করা সম্ভব হলে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বাফুফের কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। জাতীয় দলের ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে। ব্রাজিলের মতো বিশ্বসেরা একটি দলের বিপক্ষে ম্যাচ হলে সেই আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা বাফুফের।
তবে মাঠের লড়াইয়ে দুই দলের শক্তির পার্থক্য হবে স্পষ্ট। ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ দল, অন্যদিকে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নিচে।
তারপরও ব্রাজিলের এই আগ্রহকে বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখছে বাফুফে। এখন অপেক্ষা দুই ফেডারেশনের চূড়ান্ত সম্মতি, ফিফার অনুমোদন এবং আন্তর্জাতিক সূচির সমন্বয়ের।
চাটগাঁ নিউজ/এমকেএন





