উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাজ পরিদর্শনের জন্য ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সেখানে পরিদর্শনের সময় অসাবধানতাবশত তাঁর ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তাঁর মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
পরে হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলী গুরুতর আহত হন। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





