মিষ্টির ভেতর তেলাপোকা, পিউরিয়াসহ ৫ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মোড়কজাত পণ্যে মূল্য উল্লেখ না থাকা ও মিষ্টির ভেতর তেলাপোকা পাওয়ায় ‘পিউরিয়া’ মিষ্টির দোকানসহ ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

জানা গেছে, মগবাজার এলাকার ‘স্টার ব্রেড বেকারি’কে বেকারি পণ্যে ক্ষতিকারক হাইড্রোজ ও অনুমোদনহীন রং ব্যবহার এবং মোড়কে মেয়াদ ও উপাদানের নাম না থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মোড়কজাত পণ্যে মূল্য উল্লেখ না থাকা ও মিষ্টির ভেতর তেলাপোকা পাওয়ায় ‘পিউরিয়া মিষ্টির দোকান’কে ৩০ হাজার টাকা এবং মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রির দায়ে চিরিংগা বাজারের ‘বোরহান স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কাঁচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণের অপরাধে ‘হোটেল আল মদিনা’কে ১০ হাজার টাকা এবং ‘নবাব বাড়ি মাংস বিতান’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন ফার্মেসি, মুদি দোকান ও ফলের দোকানে সঠিক ওজন ও মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে চকরিয়া পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর হায়দার আলী, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top