চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামকে মাদক, অস্ত্রবাজি ও চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। তিনি বলেছেন, অপরাধীর কোনো দল, গোত্র বা বর্ণ নেই—অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রামের হালিশহর সিভিক সেন্টারে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দীন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের অন্যতম প্রতিশ্রুতি হলো অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করা। একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই চট্টগ্রামকে মাদকমুক্ত, অস্ত্রবাজমুক্ত এবং চাঁদাবাজমুক্ত করে ছাড়ব।’ এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মাদকবিরোধী কার্যক্রমে শুধু পুলিশ, আইনজীবী কিংবা বিচারকদের ওপর নির্ভর না করে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাদক নির্মূল করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। এখন শুধু বক্তব্য দেওয়ার সময় নয়, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সময়।
জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে মীর হেলাল উদ্দীন বলেন, সেখানে মাদক ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের জন্য পৃথক কারাগারের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে সাধারণ অপরাধীদের সঙ্গে মাদকচক্রে জড়িতদের সংস্পর্শ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগ ও আইনজীবী সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে মাদকবিরোধী একটি র্যালি অনুষ্ঠিত হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





