রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় মো. ফজলুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত ফজলুল আলম ওই শিশুকে প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে করে নিজের বসতঘরে নিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারনামীয় আসামি মো. ফজলুল আলমকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের একটি বিশেষ টিম তৎপরতা শুরু করে। চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়ে গঠিত আভিযানিক দল দুর্গম পাহাড়ি এলাকায় টানা দুই ঘণ্টা অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তার ফজলুল আলমের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





