চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকের বিস্তার ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, স্কফ সিরাপ, বিদেশি মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে শনিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ এবং ৭০টি বিয়ার ক্যান জব্দ করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় মোট ৫৭টি মামলা করা হয়। এসব মামলায় গ্রেপ্তার ১৭২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। এতে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





