বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় দুই রাবার বাগান শ্রমিকের মধ্যে। এর জের ধরে এক শ্রমিককে দা দিয়ে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করেছে আরেক শ্রমিক।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. নাসির (১৯) নামে ওই শ্রমিকের। এ ঘটনার পর পলাতক অভিযুক্ত মো. মানিক (২৪)। আর ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজারের রাবার বাগান এলাকায়।
জানা গেছে, নিহত নাসির কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত মানিক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও বাগান শ্রমিকরা জানায়, কয়েক দিন আগে আটজন শ্রমিক ইউসুফ ও আবছার সওদাগরের ইজারা নেয়া রাবার বাগানে কাজ করতে আসে। সেখানে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। কারণ নিহত নাসিরের মোবাইল ফোন ব্যবহার করতো মানিক। এ নিয়ে তাদের মধ্যে বিবাদ তৈরী হলে অন্য শ্রমিকেরা থামিয়ে দিতো।
প্রতিদিনের মতো আজ শুক্রবার বিকেলে বাগানের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করতে বের হয় শ্রমিকেরা। এ সময় নাসির ও মানিক অন্যদের থেকে কিছুটা সামনে চলে যান। পরে বাগানের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। অন্য ছয় শ্রমিক তখন বাগানের আরেক অংশে কাজ করছিলেন।
কথা কাটাকাটির একপর্যায়ে পেছন থেকে মানিক ধারালো দা দিয়ে নাসিরের ঘাড়ে কোপ দেন। এতে নাসিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য শ্রমিকেরা তাকে ধরতে গেলে মানিক বাগানের পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়।
টংকাবতী পুলিশ ফাঁড়ির এসআই অর্ণব বলেন, মোবাইল ফোন ব্যবহার নিয়ে দুই শ্রমিকের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই একজন আরেকজনকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
বান্দরবান পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।’
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ





