দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজনের কথাও বলা হয়েছে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার মতো বিষয়গুলো তুলে ধরতে বলা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদপত্রগুলোকে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশেরও অনুরোধ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top