ওএসডি হলেন চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর, নতুন দায়িত্বে সাজেদুর রহমান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই আদেশে তাকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নতুন কর্মস্থলে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে বলে গণ্য হবে।

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পাওয়া ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এর আগে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top