চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
বিআরটিএ চট্ট মেট্রো-১ কার্যালয়ে দালালির অভিযোগে বাঁশখালীর ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১) ও আনোয়ারার শুলকাটা গ্রামের মো. হাসেমকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া নগরীর বড়পুল এলাকায় যানবাহনে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ১১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে একটি অটোটেম্পুও আটক করা হয়।
বিআরটিএ কার্যালয় ও সড়কে দালালচক্র এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





