চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ ইছহাকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পাহাড়ি ঢালু এলাকায় গাছ কাটছিলেন রাশেদা বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসির ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন





