চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় সন্তানকে বাঁচিয়ে নিজে নিখোঁজ হওয়া ফালান মিয়ার (২৮) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা করা হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহটি উদ্ধার করে। ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় একটি ছোট নৌকায় মাছ ধরার সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরছিলেন ফালান মিয়া। তার সঙ্গে ছিল আট থেকে নয় বছর বয়সী তার শিশুপুত্র।
কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান।
একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকার লোকজন বাবা-ছেলেকে দেখতে পান। তখন নিজের শেষ শক্তি দিয়ে ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন ফালান মিয়া।
সন্তানকে নিরাপদে অন্য নৌকায় তুলে দেওয়ার পরপরই হ্রদের পানিতে তলিয়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন ফালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, ঘটনাটি খুবই মর্মস্পর্শী। আইনি প্রক্রিয়া শেষে ফালান মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





