চাটগাঁ নিউজ ডেস্ক: বাবার শেষ বিদায়ে অংশ নিতে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা সদস্য শাহাদাৎ নবী খোকা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়ে তিনি চট্টগ্রামের চন্দনাইশে বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে কারাগার থেকে শাহাদাৎ নবী খোকাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে চন্দনাইশে আনা হয়।
দুপুরে বাদ জোহর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবা নুর নবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেন শাহাদাৎ নবী খোকা।
পরিবারের সদস্যরা জানান, রোববার (১৬ আগস্ট) ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান নুর নবী সওদাগর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বাবার মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
চন্দনাইশে পৌঁছানোর পর প্রিজন ভ্যান থেকে নেমে বাবার মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাদাৎ নবী খোকা। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় স্বজন ও উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নুর নবী সওদাগরকে দাফন করা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহাদাৎ নবী খোকাকে পুনরায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, শাহাদাৎ নবী খোকার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
শাহাদাৎ নবী খোকা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। তার বাবার জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





