চাটগাঁ নিউজ ডেস্ক: লিবিয়ার তবরুক থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিক হারিয়ে প্রায় ১০ দিন ভেসে থাকা একটি রাবারের নৌকা থেকে ২৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরুহ উপকূল থেকে উদ্ধারের পর তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৯ বাংলাদেশি ও এক সুদানি নাগরিকসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) কায়রোয় বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
দূতাবাসের প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচার চক্রের সহায়তায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক থেকে ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিক একটি রাবারের নৌকায় যাত্রা করেন। নৌকাটি স্পিডবোটের ইঞ্জিনে চললেও এতে প্রয়োজনীয় নেভিগেশন ব্যবস্থা ছিল না।
যাত্রীদের জানানো হয়েছিল, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছাতে প্রায় ৩৬ ঘণ্টা সময় লাগবে। কিন্তু নেভিগেশন ব্যবস্থা না থাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি পথ হারিয়ে ফেলে। একপর্যায়ে জ্বালানি শেষ হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে।
এভাবে প্রায় ১০ দিন সাগরে ভেসে থাকার পর গত ১৩ আগস্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ এলাকার উপকূলে পৌঁছায়। পরে স্থানীয় পুলিশ যাত্রীদের উদ্ধার করে।
উদ্ধারের সময় ১৮ জন গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায় ছিলেন। তাঁদের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিক আব্দুল করিমের সঙ্গে কথা বলে নৌযাত্রার বিস্তারিত তথ্য জানতে পারেন দূতাবাসের কর্মকর্তারা। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় সাগরে ভাসমান অবস্থায় প্রচণ্ড গরম, তীব্র রোদ এবং খাবার ও পানির সংকটে ৯ বাংলাদেশি ও এক সুদানি নাগরিক অসুস্থ হয়ে মারা যান।
দীর্ঘ সময় সাগরে থাকার কারণে মৃতদেহগুলোতে পচন ধরলে একপর্যায়ে জীবিত যাত্রীরা বাধ্য হয়ে সেগুলো সমুদ্রে ভাসিয়ে দেন বলেও জানান আব্দুল করিম।
ঘটনার পর থেকে মিশরে বাংলাদেশ দূতাবাস স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীনরা সুস্থ হয়ে উঠলে মিশরের প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য, চিকিৎসাধীন বাংলাদেশিদের বক্তব্য ও সরেজমিন সাক্ষাৎকারের ভিত্তিতে ঘটনাটির বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
চাটগাঁ নিউজ/এমকেএন





