শিপইয়ার্ডে মৃতদের প্রতি পরিবার পাবে ১০ লাখ টাকা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃতদের স্বজনদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসার খোঁজ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি আর্থিক সহায়তার বিষয়টি জানান।

জেলা প্রশাসক বলেন, মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ অর্থ দেবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, কমিটিতে বিশেষজ্ঞদের রাখা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার সময় শিপইয়ার্ডে নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা জানা যাবে।

জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম গেছে। বিস্ফোরক অধিদপ্তরের টিমও গেছে। একটি তদন্ত টিম গঠন করা হবে। সেখানে বিশেষজ্ঞরা থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শুক্রবার সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এর কারণ ও শিপইয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top