চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, নামা-সাঁতার সম্পূর্ণ নিষিদ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা কোনোভাবে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে সেটিকে শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

চুয়েট সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। এর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত ১২ আগস্ট একই ধরনের ঘটনায় প্রাণ হারান আরও দুই শিক্ষার্থী। তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সভা শুরুতে পুকুরে ডুবে নিহত চমক দত্ত ও শান্ত দেবের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন সেবার মানোন্নয়ন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রোডম্যাপ তৈরি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top