রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে এই প্রথম দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবারই বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

রিজভী বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে তিনি নিজেই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছেন।

বৈঠক ও পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top