রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।
পরে রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে লক্ষ্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






