আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। আহত প্রায় কয়েকশো, নিখোঁজ রয়েছে কয়েক হাজার।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির চোকো বিভাগের সান হোসে দেল পালমারে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। দেশটির বিভিন্ন শহরেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে সান হোসে দেল পালমারে। ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা কুরি জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী কুইবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভাব্য পরাঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
দেশটির রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন ভবনে অ্যালার্ম বেজে ওঠে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক মানুষ ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
তবে বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এখনও পর্যন্ত রাজধানীতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনগুলোতে বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও নেই; তবে কিছু ভবনে ফাটল দেখা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





